বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ
অনেক জল্পনা-কল্পনা হলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
বাবর আজম, শাহীন আফ্রিদিদের নিয়ে গঠিত জাতীয় দলকে বিশ্বকাপে খেলতে সরকারের পক্ষ থেকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে আজ রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তান সরকার।
পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।
এর আগে, বিশ্বকাপ অংশগ্রহণের ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করে কিনা, এ নিয়ে গত কিছু দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল দেশটির সংবাদমাধ্যমে। বাংলাদেশ প্রসঙ্গে আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও এনেছিলেন পিসিবিপ্রধান মহসিন নাকভি।
অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে আজ এলো চূড়ান্ত ঘোষণা।
