রাজধানীতে গ্যাসের স্বল্পচাপের কারণ জানালো তিতাস
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে এ অবস্থার উন্নতি কখন হবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন পিএলসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়– রাজধানীর শনির আখড়া, রায়েরবাগ, হাবিব নগর এলাকায় উচ্চচাপ বিশিষ্ট গ্যাস পাইপলাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে। এ অবস্থায় ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সরবরাহ বিঘ্নিত হওয়ায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
