টুইটার হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, টুইটার (এক্স হ্যান্ডেল) হ্যাক করে নোংরা পোস্ট করা হয়েছে। কারা এই কাজ করেছে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। জাতির সামনে এই অপকর্মকারীদের মুখোশ উন্মোচন করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়বে জামায়াত। তরুণরা সামনে থেকে নেতৃত্ব দেবে, আর মুরুব্বীরা পেছন থেকে সাহস যোগাবে। কেউ কোনো অপরাধ করে পার পাবে না। সমতার দেশ গড়া হবে। কোনো নারীকে হেনস্তা করা হবে না। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জামায়াতের।
তিনি আরও বলেন, একদল লোক ফ্যামিলি কার্ড দেবে। তাদের হাতে দেশ নিরাপদ নয়। পরাজয় নিশ্চিত জেনে একটি দলের মাথা খারাপ হয়েছে। মাঘ মাসে মাথা গরম হলে চৈত্র মাসে কী করবেন? ১২ তারিখ ইনসাফের পক্ষে ফয়সালা আসবে।
এর আগে, দুপুরে জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, এই নির্বাচন অতীতের ৫৪ বছরে যে রাজনীতি ফ্যাসিবাদ তৈরি করেছে, সেই বস্তা পঁচা রাজনীতির কবর রচনার নির্বাচন বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, শনিবার বিকেলে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটা অবমাননাকর পোস্ট ভাইরাল হয়।
