নেদারল্যান্ডসকে উড়িয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টানা ৭ ম্যাচ অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েই বাছাই পর্ব শেষ করলো বাঘিনীরা। রোববার (১ ফেব্রুয়ারি) নেপালের মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে বাছাইপর্বের সুপার-৬ এ নিজেদের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডস ২৩ রানের মধ্যে ৫ উইকেট হারায়। তবে সানিয়া খুরানা এবং রবিন রিজকির ৭৮ রানের পার্টনারশিপে ২০ ওভারে ১০২ রান তুলতে সক্ষম হয়। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এছাড়াও মারুফা আক্তার, রাবেয়া খাতুন ও স্বর্ণা আক্তার নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৫ রান করে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এছাড়াও ২৩ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি। ১০ রানে ৩ উইকেট শিকার করে সেরা খেলোয়াড় হন নাহিদা আক্তার।
উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন থেকে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে।
