জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হলে কেন ১২ ঘণ্টা পরে জিডি করা হলো— প্রশ্ন মাহদী আমিনের
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাক হলে কেন ১২ ঘণ্টা পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলো সেই প্রশ্ন করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন করেন তিনি।
মাহদী আমিন বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্ট তা সত্য হলে এটি অত্যন্ত দুঃখজনক।
এর আগেও জামায়াতের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে জানান তিনি।
জামায়াতের নেতা-কর্মীরা বিএনপির নারী প্রচারকদের অনলাইন ও অফলাইনে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন মাহদী আমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াসীন আলীসহ অন্যান্যরা।
প্রসঙ্গত, শনিবার বিকেলে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটা অবমাননাকর পোস্ট ভাইরাল হয়।
