পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। খবর ডনের। রোববার (১ মার্চ) এ সংঘর্ষের ঘটনা ঘটে।
করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের (সিএইচকে) নির্বাহী পরিচালক এ তথ্য দিয়েছেন। সিএইচকের ডা. মোহাম্মদ সাবির মেমন জানান, কনস্যুলেটের কাছে বিক্ষোভের জেরে ৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই পুরুষ। এ ছারাও আহত হয়েছেন ৩২ জন। তার দেয়া তথ্যমতে সবাই গুলিবিদ্ধ হয়ে আহত বা নিহত হয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে ৬ জন নিহতের দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে করাচিতে এ বিক্ষোভ হয়। করাচির মাই কোলাচি সড়কে মার্কিন কনস্যুলেটের অবস্থান।
দেশটির তথ্যমন্ত্রীর মুখপাত্র হুসাইন মানসুরের শেয়ার করা এক সরকারি বিবৃতিতে সিন্ধ সরকার সংঘর্ষে প্রাণহানিতে ‘গভীর শোক’প্রকাশ করেছে।
ঘটনার সব দিক ‘নিরপেক্ষভাবে পর্যালোচনা’করতে উচ্চপর্যায়ের যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করেছে সরকার। জেআইটি ঘটনার প্রেক্ষাপট, কারণ এবং কী পরিস্থিতিতে এটি ঘটেছে তা খতিয়ে দেখবে। এছাড়া, কারা এ ঘটনার জন্য দায়ী তা-ও নির্ধারণ করবে তদন্ত দল।
বিবৃতিতে জানানো হয়, সরকার শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার সাংবিধানিক অধিকার। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার যৌথ দায়িত্ব। কোনো ধরনের ভাঙচুর, সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়া অনুচিত। নাগরিকদের শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে নিজেদের আবেগ প্রকাশ করার আহ্বান জানিয়েছে সরকার।
শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার থাকলেও কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেয় এমনটাও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
