সিলেট থেকে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পর্যন্ত রেল যোগাযোগ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘চলতি মাসের মধ্যেই রেলওয়ে প্রকৌশলীরা সিলেট এসে এর সম্ভাব্যতা যাচাই করবেন।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় নগরের পূর্ব জিন্দাবাজারে একটি ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট থেকে জাফলং পর্যন্ত ওয়াগন (ট্রেনের পণ্যবাহী কোচ) চালু হলে জাফলং-সিলেট রুটে সহজে ও কম খরচে পণ্য আনা নেওয়া করা যাবে। এ ছাড়া পর্যটকসহ যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবেন।’
ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ দ্রুত শেষ হবে জানিয়ে তিনি বলেন, ‘ভূমি অধিগ্রহণের সমস্যার কারণে এই সড়কের কাজ আটকে ছিল।
সার্ভেয়ার সংকটের কারণে ভূমি অধিকরণ কাজে দেরি হচ্ছিল। সম্প্রতি আমি ভূমি মন্ত্রীর সঙ্গে কথা বলে সিলেটে ৬ জন সার্ভেয়ার নিয়োগের ব্যবস্থা করেছি। এখন আর সার্ভেয়ারের দোহাই দেওয়া যাবে না। আশা করছি, দ্রুতই ভূমি অধিগ্রহণ শেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ পুরোদমে শুরু হবে।
মন্ত্রী বলেন, ‘জৈন্তাপুর গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জের যেকোনো জায়গায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের ব্যাপারে আলোচনা চলছে। এটি নির্মাণ করা গেলে পুরো সিলেটবাসী উপকৃত হবে।’
জাফলং, রাতারগুল, বিছনাকান্দিসহ পর্যটনকেন্দ্রগুলোতে ওয়াশব্লক নির্মাণের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দ্রুতই এ কাজ শেষ হবে। এ ছাড়া সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর যাতায়াতব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সংকট দূর করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।