শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতের মানোন্নয়নে ৯৮.৮৫ মিলিয়ন ডলার অনুদান প্রদান করা হয়েছে। এই অর্থের যেন সদ্ব্যবহার করা হয়, সেদিকে নজর রাখতে হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার একটি হোটেলে ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট (এসটিজি) এবং মাল্টিপ্লায়ার গ্রান্ট’-এর আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আগামী দিনে শিক্ষকরা যাতে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সে জন্য আইন প্রণয়ন করা প্রয়োজন বলেও মনে করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিয়ে করতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও মানোন্নয়নে আমরা পর্যাপ্ত বিনিয়োগ করছি।
এই অর্থ যেন সঠিকভাবে কাজে লাগানো হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ইউনিসেফ, ইউনেস্কো এবং এডিবি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষাসচিব আবদুল খালেকসহ ব্রিটিশ হাই কমিশন, ইউনিসেফ, ইউনেস্কো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, গ্লোবাল পার্টনারশিপ ফর বাংলাদেশের প্রতিনিধিরা।