পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নাশকতার চেষ্টা ও সরকার উৎখাতের চেষ্টার মামলায় পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার স্ত্রী কেন্দ্রীয় ও জেলা যুব মহিলা লীগ নেত্রী মেজর কাজী মৌসুমীকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মাহাবুব আলী মুয়াদ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তার সঙ্গে জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৩ জুন রাতে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার পঞ্চগড় কাজীপাড়ার বাড়িতে তার স্ত্রী কাজী মৌসুমীর নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়। পরে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের একটি ভিডিও গত ২৬ জুন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ঘটনায় ২০ জুলাই সাবেক সাংসদ নাঈমুজ্জামান ভূঁইয়া তার স্ত্রী কাজী মৌসুমীসহ ৪৭ জন আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১১০-১২০ জনকে আসামি করে মামলা করেন পঞ্চগড় সদর থানার এসআই মানিক মিয়া।