দুর্ঘটনায় আহতদের সঙ্গে থাকা বন্ধু রাকিব জানান, ‘দুইটি মোটরসাইকেলে করে তারা হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলে বেড়াতে আসছিলেন। নিহত দুই তরুণ ও আহত সাব্বির একটি মোটরসাইকেলে ছিলেন। শ্রীমঙ্গলে প্রবেশের সময় চা ভাস্কর্য এলাকায় পৌঁছালে হঠাৎ বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
মৌলভীবাজারে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১ জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৮জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চা ভাস্কর্য (চা কন্যা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার শহিদ আলীর ছেলে সাব্বির (২৫)। আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিব ও নাইমকে মৃত ঘোষণা করেন। আহত সাব্বিরের অবস্থার অবনতি হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, ‘বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর হানিফ পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ।
তিনি আরো জানান, নিহতদের লাশ বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের জন্য আবেদন করেছেন। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
