ফরিদপুরের ভাঙ্গায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আমির হোসেন নামের মাদরাসার এক শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার কালামৃধা ইউনিয়নের ভরিলহাট নেছারিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষক আমির হোসের ওই মাদরাসায় সহকারী শিক্ষ পদে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার মাদরাসা ছুটির পর উপহার দেওয়ার প্রলোভনে ভুক্তভোগী ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন শিক্ষক আমির হোসেন। বাসায় ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানাতেই ক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয়রা। এ ঘটনায় সোমবার সকালে ওই শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়রা মাদরাসায় গিয়ে ওই শিক্ষকের বিচার দাবি করেন।
এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয় পুলিশ।
এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’