ইসরাইলে জোড়া গাড়ি বোমা হামলায় নিহত ২
রোববার সকালে ইসরাইলের জাফা ও হলোনে দুটি গাড়ি বিস্ফোরণে অন্তত দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানিয়েছে অবৈধ দেশটির পুলিশ। এই ঘটনাকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হত্যাকাণ্ডের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে।
হলোন এবং জাফা শহর দুটি একে অপরের থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত। বিস্ফোরণের ঘটনার পর জাফা থেকে এক আহত ব্যক্তিকে দ্রুত উলফসন মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
পুলিশ পরে জানায়, ওই আহত ব্যক্তি হলেন জাফার মূল ভুক্তভোগীর মাত্র ৬ বছর বয়সী এক শিশু সন্তান।
ইসরাইলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট আরো জানিয়েছে, হলোনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় ৩৮ বছর বয়সী চালক গুরুতর আঘাত এবং মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাকে নিকটবর্তী ফরাসি হাসপাতালে নেয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
এর কিছুক্ষণ পর দুপুর সোয়া ২টার দিকে জাফার ব্লুমফিল্ড স্টেডিয়ামের কাছে তৃতীয় একটি সন্দেহভাজন গাড়ি বোমার খবর তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। তবে প্রাথমিক পরীক্ষার পর বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে অস্বাভাবিক কোনো ঘটনার আশঙ্কা নাকচ করে দেয়।
