খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম
রাজধানীর খিলগাঁওয়ে এক কলেজ ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় কয়েকজন যুবক। আহত শিক্ষার্থীর নাম সৌরভ শাহরিয়ার (১৮)। তিনি খিলগাঁও মডেল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁও তিলপাপাড়া এলাকার লাকি ফার্মেসির সামনে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সৌরভকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সন্ধ্যায় তিলপাপাড়া লাকি ফার্মেসির সামনে সৌরভ তার কয়েকজন বন্ধুর সঙ্গে বসে ছিলেন। এ সময় স্থানীয় যুবক আরাফাত, ফাতিন ও সোলেমানসহ কয়েকজন আকস্মিকভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সৌরভের বাম কাঁধে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তবে ঠিক কী কারণে সৌরভের ওপর এই হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ বা প্রত্যক্ষদর্শীরা।
আহত শিক্ষার্থীর বাবা শুভ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলের সঙ্গে ওদের কোনো পূর্বশত্রুতা ছিল না। ওরা এলাকার বকাটে ছেলে। ঘটনার সময় ওরা আমার ছেলের মোবাইল ফোনটি টানাটানি করেছিল, কিন্তু নিতে পারেনি। এরপরই তাকে কুপিয়ে জখম করে।’
