আমরা দেখতে চাই বিএনপি কিভাবে সীমান্ত হত্যা বন্ধ করে
বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রায় দশজনকে হত্যা করেছে উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখতে চাই বিএনপি কিভাবে সীমান্ত হত্যা বন্ধ করে।
রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, এই সরকার আসার পরে সীমান্তে প্রায় ১০ জনের মতো ভারতীয় বাহিনী বিএসএফ দ্বারা হত্যা করা হয়েছে এবং পুশইন করার চেষ্টা করা হচ্ছে অবৈধ বাংলাদেশী বলে। আমরা এই বাজেট অধিবেশনে পুশইন নিয়ে একটা আলোচনা করতে চেয়েছিলাম মাননীয় স্পিকার। এই আলোচনাটা আমরা জানি না কোন কারণে আমাদের করতে দেয়া হয়নি।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকারি দল-বিরোধী দল সমালোচনা-প্রশংসা- এতো কথা হলো, আমরা কি এক ঘণ্টা সময় মাননীয় স্পিকার বের করতে পারতাম না পুশইন নিয়ে আলোচনা করার জন্য?
সীমান্ত হত্যা বন্ধে বিএনপির পদক্ষেপ দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির নামের সাথে জাতীয়তাবাদ শব্দটা আছে। আমরা দেখতে চাই তারা কিভাবে সীমান্ত হত্যা বন্ধ করে মাননীয় স্পিকার এবং সেই বিষয়ে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করবো।’
একইসাথে, অবৈধ পুশইন বন্ধে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘বিজিবিকে আমরা সাধুবাদ জানাই, এই মহান সংসদ থেকে, তারা যেভাবে প্রতিবাদ করছে যেভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের ১৮ কোটি জনগণ বিজিবির সাথে রয়েছে।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নানা বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে ও পরে বাংলাদেশকে নিয়ে তিনি লাগামহীন কথা বলে যাচ্ছেন। এই ঔদ্ধত্যের জবাব বাংলাদেশকে দিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে।
