নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি
সেমিফাইনালের ফিরতি লেগে নিউক্যাসলকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে নেয় সিটিজেনরা। যেখানে তাদের অপেক্ষায় আর্সেনাল।
ঘরের মাঠে সপ্তম মিনিটেই মার্মাউশের গোলে এগিয়ে যায় সিটি। ২৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান মার্মাউশ। প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে ৩২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে স্বাগতিকরা। বক্সের ভেতর থেকে নেয়া রেন্ডার্সের নিচু শট খুঁজে নেয় জালের ঠিকানা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা নিউক্যাসলের। ৬২তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান কমান এলাঙ্গা। পরের কয়েক মিনিটে আরও কিছু সুযোগ পায় সফরকারীরা। কিন্তু কাজে লাগাতে পারেনি নিউক্যাসেল। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।
