শবেবরাতে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক
পবিত্র শবেবরাত উপলক্ষে সরকারি ছুটির কারণে বুধবার (৪ ফেব্রুয়ারি) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে কাস্টমস ও বন্দরের সব ধরনের দাপ্তরিক কার্যক্রমও এদিন বন্ধ থাকবে। ফলে বুধবার এ পথ দিয়ে কোনো পণ্য আমদানি বা রপ্তানি হবে না। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতারা জানিয়েছেন, সরকারি ছুটি শেষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারও নিয়মিত আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পবিত্র শবেবরাত উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার কারণে বুধবার বেনাপোল-পেট্রাপোল কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। সে কারণে এদিন কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বাণিজ্য চালু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্ত্তজা আলী জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বুধবার দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, শবেবরাতের সরকারি ছুটির কারণে বন্দরের পাশাপাশি কাস্টমসের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে যেসব ভারতীয় ট্রাক পণ্য খালাস শেষে খালি অবস্থায় নিজ দেশে ফিরে যেতে চাইবে, তাদের ফেরার অনুমতি দেওয়া হবে। এ জন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা থাকবে।
বন্দর সংশ্লিষ্টদের আশা, ছুটি শেষে বৃহস্পতিবার থেকে আবারও বেনাপোল-পেট্রাপোল বন্দরের মাধ্যমে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম গতি পাবে।
