গাজীপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে শিশু নিহত, বাবা-মা আহত
গাজীপুরে ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সাফওয়ান হোসেন (আড়াই বছর) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা জুয়েল রানা (৩৬) ও মা সুরাইয়া আক্তার রুপা (৩০)।
শুক্রবার (১৯ জুন) সকালে ঢাকা-বাইপাস মহাসড়কের গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন চামুড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জুয়েল রানা বগুড়া জেলার শেরপুর উপজেলার বাংড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, জুয়েল রানা মোটরসাইকেলযোগে বগুড়ার শেরপুরের গ্রামের বাড়ি থেকে স্ত্রী ও আড়াই বছরের শিশুসন্তান সাফওয়ান হোসেনকে নিয়ে কর্মস্থল চট্টগ্রামে যাচ্ছিলেন। পথে গাজীপুর মহানগরীর পূবাইলের চামুড্ডা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সাথে একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে জুয়েল রানা ও তার স্ত্রী সুরাইয়া আক্তার রুপা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে আহত হন এবং তাদের শিশুসন্তান সাফওয়ান হোসেন ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর লাশ উদ্ধার করে। গুরুতর আহত শিশুর বাবা-মাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরো জানান, ময়নাতদন্ত ছাড়া নিহত শিশুর লাশ হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার পর চালক ড্রাম ট্রাক নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।
