‘রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়’
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নয় বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে রিজার্ভ চুরি মামলার তদন্ত ও খসড়া চার্জশিট সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেখানে সিআইডির কর্মকর্তাদের বরাতে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সিআইডির কোনো কর্মকর্তা গণমাধ্যমকে প্রদান করেননি।
তিনি আরও বলেন, এ কারণে প্রকাশিত বক্তব্যকে সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহুল আলোচিত রিজার্ভ চুরি মামলাটি তদন্তাধীন। তদন্তের স্বার্থে এ মুহূর্তে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ সম্ভব নয়। তদন্ত শেষ হওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে মামলার হালনাগাদ তথ্য জানানো হবে।
এ মামলার সংবাদ প্রকাশের ক্ষেত্রে শুধু সিআইডির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অথবা মুখপাত্রের বক্তব্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
