ইতালির রাজধানী রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকায় একই পরিবারের তিনজন প্রবাসী বাংলাদেশিকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। সেই সঙ্গে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ইতালিয়ান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, গত ২৬ জুন স্থানীয় সময় রাতে একটি অ্যাপার্টমেন্টে একই পরিবারের তিনজন প্রবাসী বাংলাদেশি কামাল উদ্দিন বাবুল, তার সহধর্মিণী আরজু বেগম এবং তাদের নিষ্পাপ কন্যা আরোয়া ইসলাম আরিশা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অপর সন্তান আমির হোসেন অয়ন গুরুতর আহত হয়েছেন। আমি এই হৃদয়বিদারক ও বেদনাদায়ক ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
তিনি বলেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য মহান ররেব নিকট দোয়া করছি। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার তাওফিক কামনা করছি। একই সঙ্গে আহত সন্তান আমির হোসেন অয়নের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।
তিনি আরো বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমি ইতালিয়ান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।পাশাপাশি ইতালিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানাচ্ছি।
অপরদিকে, গত ২১ জুন কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে এক সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ নামে আরো পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা।
গোলাম পরওয়ার বলেন, উভয় দুর্ঘটনায় নিহতের ঘটনায় বাংলাদেশের সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক।
প্রবাসী হলে সেটি আরো মর্মন্তুদ। আমি এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করে তাদের জান্নাতুল ফিরদাউসে দাখিল করার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করছি। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
তিনি আরো বলেন, আমি নিহত বাংলাদেশিদের লাশ সরকারি খরচ ও তত্ত্বাবধানে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এবং উভয় দেশের দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানাচ্ছি।