ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সুধবালা (৪৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে সারজেন সিংহ এবং বোন মেজানি রানী।
শনিবার (২৭ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুধবালা বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া গ্রামের ধীরেন সিংহের স্ত্রী। আহত সারজেন সিংহ তাঁর ছেলে এবং মেজানি রানী ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বিনত সিংহের স্ত্রী।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তিনজন একটি মোটরসাইকেলে করে পীরগঞ্জ উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।পথে লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সুধবালার মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী।
তিনি বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
