ফেনীর ফুলগাজী উপজেলায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাওছার (২৭), ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুঁই (২০) এবং তাঁর মা জাকিয়া আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় যায়, পরশুরাম থেকে ফেনীগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ কাওছার ও ওয়াহিদা আক্তার জুঁই নিহত হন।
আহত অবস্থায় জাকিয়া আক্তারসহ আরো তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া আক্তারের মৃত্যু হয়। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মরদেহ ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।