ঢাকা শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬, ১৭ই ফাল্গুন ১৪৩২


পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত আফগানিস্তান


২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫০

সংগৃহীত

আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে পাকিস্তান বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। তবে এতকিছু পরও দেশটির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তানের তালেবান।

 

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, সংঘাত বন্ধ করতে তালেবান নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত। আফগানিস্তানের ইসলামিক আমিরাত সবসময় আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে চেয়েছে, এখনও আমরা আলোচনার মাধ্যমেই বিষয়টি মীমাংসা করতে চাই।

 

শুক্রবার পাকিস্তান দেশটির বেশ কয়েকটি শহরে হামলা চালায়। এমনকি সীমান্ত এলাকাতেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। এতে উভয় পক্ষই ব্যাপক হতাহতের দাবি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একে ‘সর্বাত্মক যুদ্ধ’ আখ্যা দিয়ে এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, এখন দুদেশের মধ্যে প্রকাশ্য যুদ্ধ চলছে।

 

এদিকে, এখন পর্যন্ত পাকিস্তানের অপারেশন গজব লিল-হক-এ ২৯৭ তালেবানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আর অভিযানে আহত হয়েছেন অন্তত সাড়ে ৪০০ জন।

 

আজ সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানিয়েছেন, আরিয়ানা কমপ্লেক্সে নতুন করে তালেবানের আরও আটটি চেকপোস্ট উড়িয়ে দিয়েছে তাদের সেনারা। ধ্বংস করেছে ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান।

 

ইসলামাবাদের দাবি, চেকপোস্টগুলো থেকে পালিয়েছে বহু তালেবান যোদ্ধা। এ পর্যন্ত ২৯টি স্থানে হয়েছে বিমান হামলা।

 

অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নুতে ড্রোন হামলায় আহত হয়েছে ৫ জন। কাবুলের দাবি, এ পর্যন্ত পাকিস্তানের ৫৫ সেনা নিহত হয়েছে তাদের হামলায়।