গাজায় গণহত্যা চালিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ হাজার দ্বৈত নাগরিক
ইসরায়েলি সামরিক বাহিনীর হয়ে গাজায় গণহত্যা চালিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ হাজার দ্বৈত নাগরিক। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডিক্লাসিফাইড ইউকের তথ্য বলছে, ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালানো দ্বৈত নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ইসরায়েলি-মার্কিনি। যুক্তরাষ্ট্রের ১৩ হাজার ৩শ'র বেশি নাগরিক আইডিএফের হয়ে সরাসরি অংশ নিয়েছে এই গণহত্যায়।
৬ হাজার ৪শ' ফরাসি নাগরিকও ফিলিস্তিনিদের ওপর চালিয়েছে বর্বরতা। এছাড়া পাঁচ হাজারের বেশি রুশ-ইসরায়েলি, চার হাজারের বেশি ইসরায়েলি-জার্মানি নাগরিকও গাজায় গণহত্যা দায়ে অভিযুক্ত হয়েছেন। ইউক্রেন, ব্রিটেন, পোল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক নাগরিকও ইসরায়েলের হয়ে চালিয়েছে আগ্রাসন।
ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ইউরোপের যে গুটিকয়েক দেশ, তারমধ্যে সবচেয়ে বেশি আলোচিত স্পেন। এই দেশের চার শতাধিক দ্বৈত নাগরিক গাজা গণহত্যায় অংশ নিয়েছে। তেলআবিবের হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা দক্ষিণ আফ্রিকার পাঁচশতাধিক নাগরিকের হাতে লেগে আছে ফিলিস্তিনিদের রক্ত।
ব্রাজিল, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনাসহ আরও কয়েক ডজন দেশের দ্বৈত নাগরিকও অংশ নিয়েছে এই আগ্রাসনে। ডিক্লাসিফাইড ইউকে বলছে, তাদের প্রকাশিত প্রতিবেদনে ২০২৫ সালের মার্চ পর্যন্ত আইডিএফের হয়ে কাজ করা দ্বৈত নাগরিকদের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এরমধ্যে অনেক দেশই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার সমালোচনা করলেও নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি।
