শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির সাড়ে ৭ বছরের কারাদণ্ড
ইরানের মানবাধিকার কর্মী ও ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে প্রায় সাড়ে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার আইনজীবী এবং তাকে সমর্থনকারী একটি সংগঠন এই তথ্য নিশ্চিত করেছে। খবর, আল-জাজিরার।
বার্তা সংস্থা এএফপিকে মোহাম্মাদির আইনজীবী মোস্তাফা নিলি জানান, অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও ষড়যন্ত্রের অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া প্রপাগান্ডা চালানোর অভিযোগে তাকে আরও দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
একই সঙ্গে তাকে পূর্ব ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের খোসফ শহরে দুই বছরের জন্য নির্বাসনে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান আইনজীবী মোস্তাফা নিলি। নার্গিসের দেশত্যাগে দুই বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
নিলি জানান, এই রায় চূড়ান্ত নয় এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে। তিনি আশা প্রকাশ করেন, গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে চিকিৎসা গ্রহণের জন্য মোহাম্মাদিকে সাময়িকভাবে জামিনে মুক্তি দেয়া হতে পারে।
মূলত, কারাগারে থাকা অবস্থায় নিজের আটক পরিস্থিতি এবং আইনজীবী ও পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে না পারার প্রতিবাদে গত ২ ফেব্রুয়ারি অনশন শুরু করেন নার্গিস মোহাম্মাদি। নার্গিস ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়, ‘ষষ্ঠ দিনে আজ নার্গিস মোহাম্মাদি অনশন প্রত্যাহার করেছেন। তবে তার শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।’
প্রসঙ্গত, নার্গিস মোহাম্মাদি হলেন দ্বিতীয় ইরানি নারী, যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এর আগে ২০০৩ সালে গণতন্ত্র ও মানবাধিকার উন্নয়নে ভূমিকার জন্য এই পুরস্কার পান শিরিন এবাদি।
