বাজারে ভেজাল আর-৪১০এ গ্যাসে সয়লাব, বিস্ফোরণ ও প্রাণহানির শঙ্কা: ব্রামার সতর্কীকরণ
দেশের বাজারে আর-৪১০এ রেফ্রিজারেন্ট গ্যাসের নামে ভয়াবহ জালিয়াতির উদ্বেগজনক প্রবণতা দেখা দিয়েছে।
অধিক মুনাফার লোভে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আর-৩২ গ্যাসকে আর-৪১০এ হিসেবে বাজারজাত করে বিক্রি করছে, যা শুধু ভোক্তাদের আর্থিক ক্ষতির কারণই নয়, বরং এয়ার কন্ডিশনিং যন্ত্রপাতির মারাত্মক ক্ষতি, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ এবং মানবজীবনের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।
বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন (ব্রামা) শুক্রবার (২৫ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কীকরণ দেয়। সংগঠনের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকার জয়কালী মন্দির সংলগ্ন এলাকায় এ ধরনের ভেজাল গ্যাস প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে একজনকে আটক করে ওয়ারী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রামার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় সাত হাজার থেকে দশ হাজার ভেজাল রেফ্রিজারেন্ট গ্যাসের সিলিন্ডার এখনও বাজারে বিদ্যমান থাকতে পারে, যা জননিরাপত্তা, ভোক্তা স্বার্থ এবং পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
এ পরিস্থিতিতে ব্রামা সকল সদস্য, ব্যবসায়ী, আমদানিকারক, পরিবেশক, ডিলার, টেকনিশিয়ান এবং সাধারণ ভোক্তাদের গ্যাস ক্রয় ও ব্যবহারের পূর্বে সতর্কতার সঙ্গে যাচাই করার অনুরোধ জানিয়েছে। বিশেষ করে সিলিন্ডারের গ্যাসের চাপ স্বাভাবিক ও নির্ধারিত মান অনুযায়ী রয়েছে কিনা, সিলিন্ডারের গায়ে আমদানিকারকের নাম ও পরিচয়, রেফ্রিজারেন্টের কেমিক্যাল নাম, ভ্যাট/বিআইএন নম্বর, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, ব্র্যান্ড ও লট নম্বর স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা তা নিশ্চিত হতে বলা হয়েছে। পাশাপাশি অস্বাভাবিক কম দামের, উৎস অজানা বা সন্দেহজনক কোনো গ্যাস ক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভেজাল ও অবৈধ রেফ্রিজারেন্ট গ্যাসের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ধরনের কোনো তথ্য বা অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্রামাকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং শিল্পের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সকলের সম্মিলিত দায়িত্ব বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
