সিটির হোঁচট, ৭ পয়েন্টে এগিয়ে গেলো আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেলো ম্যানচেস্টার সিটি। এ সুযোগে কষ্টার্জিত জয়ে ৭ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান মজবুত করলো আর্সেনাল।
পারফরম্যান্স আশানুরূপ না হলেও ব্রাইটনের মাঠ থেকে কষ্টার্জিত জয় নিয়ে ফিরেছে আর্সেনাল। ম্যাচের শুরুতেই গোলরক্ষক দাভিদ রায়ার ভুলে গোল হজম করতে বসেছিল গানাররা। তবে সে যাত্রায় ত্রাতা হয়ে আসেন গাব্রিয়েল।
নাটকীয়তার তখনও বাকি। ম্যাচের সাত মিনিটে ব্রাইটন গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় আর্সেনাল। বুকায়ো সাকার শট গ্লাভসে না নিয়ে পা দিয়ে ঠেকাতে গিয়ে জালে জড়ান বার্ট ভেরব্রুগেন।
এরপর ছন্দহীন আর্সেনালকে চেপে ধরলেও গোল পায়নি ব্রাইটন। ১-০ ব্যবধানের এই জয়ে লিগে টানা তৃতীয় জয় তুলে নিল মিকেল আর্তেতার দল।
এদিকে, ইতিহাদ স্টেডিয়ামে আধিপত্য বজায় রেখেও জয় পায়নি ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে সেমেনিওর গোলে লিড নিলেও দ্বিতীয়ার্ধে শুরু হয় নটিংহ্যাম ফরেস্টের পাল্টা লড়াই। ৫৬ মিনিটে মর্গ্যান গিবস হোয়াইটের দারুণ ব্যাকহিলে সমতায় ফেরে ফরেস্ট। রদ্রির হেডে সিটি আবারও এগিয়ে গেলেও ৭৬ মিনিটে অ্যান্ডারসনের গোলে স্তব্ধ হয়ে যায় ইতিহাদ।
শেষ মুহূর্তে সাভিনিয়োর প্রচেষ্টা গোললাইন থেকে ফিরে এলে ২-২ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় পেপ গার্দিওলার দলকে। এই ড্রয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ল সিটি। তবে গানারদের (৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট) চেয়ে এক ম্যাচ কম খেলেছে সিটিজেনরা।
