ঢাকা মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১৩ই ফাল্গুন ১৪৩২


দেড় যুগের সম্পর্কের ইতি, গামিনিকে ছাঁটাই করল বিসিবি


১ নভেম্বর ২০২৫ ১৮:১৮

সংগৃহীত

বিসিবির সাথে প্রায় দেড় যুগের সম্পর্কের ইতি টানলেন গামিনি ডি সিলভা। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে নিজ দেশ শ্রীলঙ্কায় ফিরে গেছেন এই পিচ কিউরেটর।

 

২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে কাজ করেছেন গামিনি। এরপর চলতি বছরের জুলাইতে নতুন করে এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয় তার। মিরপুর থেকে বদলি করে পাঠানো হয় রাজশাহীতে। যদিও সেই মেয়াদ শেষ হওয়ার আগেই এবার তাকে বিদায় করছে বিসিবি।

 

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘চুক্তি অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগেই যদি আমরা তার (গামিনি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করি, তবে তাকে দুই মাসের বেতন দিতে হবে। আমরা সেই অর্থ পরিশোধ করে তার সঙ্গে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

 

মূলত, নিম্নমানের উইকেটের জন্য বছরের পর বছর সমালোচনার তোপে পড়েছেন এই কিউরেটর। যদিও দীর্ঘ প্রায় ১৬ বছর স্বপদে বহাল ছিলেন এই লঙ্কান। দ্রুতই আনুষ্ঠানিকভাবে গামিনির সাথে চুক্তি শেষের বিষয়ে জানাবে ক্রিকেট বোর্ড।