ঢাকা শুক্রবার, ৬ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২


বিএনপির সংসদীয় দলের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু


৬ মার্চ ২০২৬ ১৬:০৭

সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্য এবং সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়ে চলছে বিএনপির সংসদীয় দলের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি।

 

শুক্রবার (৬ মার্চ) সকালে গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন কর্মশালার প্রথম সেশনে অংশ নেন মন্ত্রী- প্রতিমন্ত্রী-উপদেষ্টারা।

 

দিনের প্রথম সেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, নবীন সংসদ সদস্যদের পার্লামেন্ট প্র্যাক্টিসের ধারণা দেয়া হচ্ছে। আইনকানুন নিয়ে সংসদ সদস্যদের ভূমিকা কেমন হবে ইত্যাদি বিষয়ে পরস্পর আলোচনা হয়েছে। তিনি জানান,বিরোধী দলকে ডেপুটি স্পিকারের বিদ্যমান পদের প্রস্তাব দেয়া হয়েছে। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার আছে। সাংবিধানিক পদ অনুযায়ী রাষ্ট্রপতির সুযোগ সুবিধা বহাল থাকবে।

 

পরবর্তী সেশন শুরু হবে দুপুর আড়াইটায় যেখানে অংশ নিবেন ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের এমপিরা। মূলত সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতেই দু'দিনের এই কর্মশালার আয়োজন।

 

মূলত, অভিজ্ঞ সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হবে কর্মশালায়। কর্মশালার দ্বিতীয়দিন ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

 

উল্লেখ্য, আগামী ১২ মার্চ বেলা ১১টায় বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।