মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: শুক্রবার দুপুর পর্যন্ত শাহজালাল থেকে ২৪৫ ফ্লাইট বাতিল
যুদ্ধাবস্থার কারণে বন্ধ আছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ। আজ শুক্রবার (৬ মার্চ) দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী আরও ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত শনিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত সাত দিনে মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হলো।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোর মধ্যে আবুধাবি, শারজা, দুবাই, দোহা; কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট সাময়িক স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই রুটগুলোয় ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। এ ছয়টি রুট ছাড়া বিমানের মধ্যপ্রাচ্যগামী জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাসকাটের ফ্লাইট চালু আছে।
বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কুয়েতের ৪টি, কাতারের ৪টি, এমিরেটসের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ২টি, গালফ এয়ারের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি।
এর আগে, গত শনিবার ২৩টি, রোববার ৪০টি, সোমবার ৪৬টি ও মঙ্গলবার ৩৮টি, বুধবার ২৮টি ও বৃহস্পতিবার বাতিল হয় আরও ৩৪টি ফ্লাইট।
