আমরা ভুল করলে অল্প সময়েই ফল ভোগ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী ও নরসিংদী-৪ আসনে নির্বাচিত সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষের সেবা করার জন্য আমাদের কাজে স্বচ্ছতা আনতে হবে। গণখভূত্থানের আগে আপনারা যে মেজাজে কাজ করেছেন সেই ধরনের কাজ পূনরায় করা যাবে না। সরকার ভুল করলে অল্প সময়েই ফল ভোগ করতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত জেলার সকল সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সেই দেশ এখন আর নেই, দেশ অনেক এডভান্স হয়ে গেছে। আমরা যদি ভুল করি তার খেসারত দিতে আমদের ১৭ বছর লাগবে না। অল্প সময়েই ভুলের ফল ভোগ করতে হবে। এই বিষয়টা আমাদের সকলকে ধারন করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কে মন্ত্রী, কে এমপি, কে সরকারী কর্মকর্তা সেটা বিষয় না। কারণ আমরা একটা টিম যারা দেশে গঠনে এক সাথে কাজ করবো। এর বিকল্প আমাদের হাতে আর নেই। আসলাম ফুল নিয়ে গেলাম তিরস্কার নিয়ে ঐটা আমরা চাচ্ছি না। সেই কারনে আমাদেরকে শতভাগ দুর্নীতি মুক্ত হতে হবে। সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে, ইভটিজিং বন্ধ করতে হবে। চাঁদাবাজিকে উৎখাত করতে হবে।
নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মতিবিনিময় সভায় নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, শিবপুর আসনের সাংসদ মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরার সাংসদ আশরাফ উদ্দিন বকুল উপস্থিত ছিলেন।
