ঢাকা বৃহঃস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬, ১৫ই ফাল্গুন ১৪৩২


অনলাইন পোর্টাল ও আইপি টিভিকে নীতিমালায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী


২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৪

সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে শিগগিরই একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ এলাকা ময়মনসিংহের নান্দাইলে প্রেসক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। 

 

তিনি বলেন, একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল পরিচালনা করছেন, তাদের সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। তবে সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না। স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের বিকাশে অপরিহার্য—এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী।

 

তিন দিনের সরকারি সফরে বেলা ১২টার দিকে নান্দাইলে পৌঁছালে জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নান্দাইলের ইউএনও ফাতেমা জান্নাত। 

 

প্রতিমন্ত্রী চৌরাস্তায় অবস্থিত নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেন। সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল ও গফরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। বক্তব্যে তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা ও কল্যাণ তহবিল থেকে নীতিমালা অনুযায়ী সহায়তা প্রদানের আশ্বাস দেন।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সফরকালে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন।