ঢাকা শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬, ৩রা ফাল্গুন ১৪৩২


হবিগঞ্জে পরাজিত প্রার্থীর বাসায় গেলেন জয়ী বিএনপি প্রার্থী


১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫২

সংগৃহীত

হবিগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে দেখা করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা শহরের অনন্তপুরে জামায়াত প্রার্থী কাজী মহসিন আহমেদের বাসায় যান বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জয়ী প্রার্থী জি কে গউছ।

 

এ সময় তারা একে অপরকে জড়িয়ে ধরেন। বিজয়ী জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানান কাজী মহসিন। পরে একে অপরকে মিষ্টিমুখ করান তারা। এসময় তাদের মধ্যে সৌহার্দ্যপুর্ণ আলোচনা হয়।

 

জামায়াত প্রার্থী বলেন, আমাদের দু’জনের উদ্দেশ্য ছিল এলাকার জন্য কাজ করা। জনগণ তাকে বেছে নিয়েছেন। এখন জনগণের প্রত্যাশা পূরণে জিকে গউছ কাজ করবেন। এসময় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

 

অপরদিকে, জয়ী বিএনপি প্রার্থী জি কে গউছ বলেন, সকলকে সাথে নিয়েই কাজ করতে চান তিনি। পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী জি কে গউছ ১ লাখ ৪২ হাজার ৫২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কাজী মহসিন আহমদ পেয়েছেন ৪৪ হাজার ৫৮১ ভোট।