কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন
কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও পুড়ে গেছে রান্নাঘর। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জাহিদ হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে দুজন দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্নাঘরে আগুন দেয়। বাড়ির লোকজন বিষয়টি টের পেলে তারা দ্রুত পালিয়ে যায়। অবশ্য এরই মধ্যে সম্পূর্ণ পুড়ে যায় রান্নাঘরটি।
এ বিষয়ে জামায়াত নেতা জাহিদ হাসান জানান, বিকেলে হঠাৎ দুজন দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্না ঘরে আগুন দেয়। তবে কারা আগুন দিয়েছে তাদের চিনতে পারেননি। নির্বাচনে তাদের ভয়-ভীতি দেখানোর জন্য এমনটি করেছে বলে জানান তিনি।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, বিষয়টি শুনেছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।
