গানম্যান না পেয়ে নিরাপত্তা শঙ্কায় মেঘনা আলমের জিডি
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেঘনা আলম নিজের নিরাপত্তা শঙ্কায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বুধবার রাতে রমনা থানায় করা জিডিতে তিনি নির্বাচনী এলাকায় হুমকি-ধামকি ও সমর্থকদের হয়রানির বিষয় উল্লেখ করেন।
একই রাতে রমনা থানা পুলিশের একটি সূত্র ঢাকা টাইমসকে জিডির তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন ধরনের হুমকি, ভয়ভীতি ও সমর্থকদের ওপর ‘স্ট্রিট হ্যারেজমেন্ট’-এর কারণে স্বাভাবিকভাবে নিজের প্রচার কার্যক্রম চালাতে পারেননি মেঘনা আলম।
তিনি দাবি করেন, বর্তমান নির্বাচনী পরিবেশ রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ এবং ঢাকা-৮ আসন ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।
জিডিতে মেঘনা আলম আরও উল্লেখ করেন, তিনি চলতি নির্বাচনে ঢাকা-৮ আসনের একমাত্র নারী প্রার্থী। সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গানম্যানসহ ব্যক্তিগত নিরাপত্তা পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জিডিতে উল্লেখ করা হয়।
জিডিতে বলা হয়েছে, আগামীকাল ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গেলে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে।
মেঘনা আলমের ভাষ্য, নিরাপত্তা না দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং তার নাগরিক অধিকারের পরিপন্থী। এতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যাহত হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
