ঢাকা শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


যুদ্ধের শঙ্কার মধ্যেই ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান


৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০২

সংগৃহীত

চলমান সামরিক সংঘাতের শঙ্কার মধ্যেই আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে দেশ দুটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। 

 

গত মাসে ইরানের সরকারের বিরুদ্ধে সারাদেশে সরকারবিরোধী আন্দোলন দমনে সহিংস পদক্ষেপের ঘটনায় মার্কিন প্রতিক্রিয়ার পরই এই আলোচনা শুরু হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এর জবাবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে।

 

আলোচনার মূল বিষয় নিয়ে দু’দেশের মধ্যে পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র চাচ্ছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি স্থগিত, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীসমূহের সহায়তা বন্ধ করুক। অন্যদিকে, ইরান জানিয়েছে, আলোচনার সীমাবদ্ধতা কেবল পারমাণবিক কর্মসূচি পর্যন্ত। সব মিলিয়ে, উভয় দেশ এখনও বিপরীতমুখি অবস্থানে রয়েছে।

 

ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত করা এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হ্রাস করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে, খুব শিগগিরই কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানের ওপর বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।