এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম: জামায়াত আমির
এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা জনগণের সরকার চায় না, দেশকে গোলাম বানিয়ে রাখতে চায় তারা এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে এবং মিথ্যাচার করছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।
অতীতে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমার দেশে ২৮ লাখ কোটি টাকা চুরি করে পাচার করেছে স্বৈরাচার সরকার। এই টাকার মালিক জনগণ। আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না। মুখে হাত ঢুকিয়ে সব বের করে নিয়ে আসবো। যারা জনগণের টাকা চুরি ও ডাকাতি করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা বেকার ভাতা চায়নি, তারা কাজের অধিকার চেয়েছিল। যুবমাজকে কথা দিচ্ছি, তাদের সঠিক শিক্ষা এবং পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। তাদের হাতে যোগ্য সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে। যোগ্যতা ও দেশপ্রেমই হবে সরকারি চাকরিতে নিয়োগের একমাত্র মাপকাঠি।
নারীদের প্রতি সম্মান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে জামায়াত আমির বলেন, মায়েদের মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে। মায়ের অপমান এ জাতি সহ্য করবে না। ঘর থেকে শুরু করে কর্মস্থল-সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা উপজাতি বলে কোনো ভেদাভেদ থাকবে না। নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের বিচার করার জন্য জামায়াতে ইসলামীকে ভোট দিবেন। আগামী ১২ তারিখের নির্বাচন হবে নতুন বাংলাদেশ নির্মানের নির্বাচন। ‘হ্যাঁ মানে আজাদি’, ‘না মানে গোলামী’এই কথা মাথায় রেখে দুর্নীতিমুক্ত, শোষণহীন ও ইনসাফ কায়েমের লক্ষ্যে জনগণকে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানান জামায়াত আমির।
