শ্রীলঙ্কা উপকূলে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, ফের হামলার শঙ্কা
মার্কিন সাবমেরিন হামলার ঘটনার পর আরেকটি ইরানি যুদ্ধজাহাজ শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৫ মার্চ) লঙ্কান গণমাধ্যমবিষয়ক মন্ত্রী নালিন্দা জয়তিসা জানিয়েছেন, দ্বিতীয় যুদ্ধজাহাজটি বর্তমানে শ্রীলঙ্কার জলসীমার বাইরে অবস্থান করছে। খবর, আল জাজিরার।
জাহাজটির বিষয়ে বিস্তারিত তথ্য দেননি জয়তিসা। তবে সরকারি সূত্রগুলো এএফপিকে জানিয়েছে, দ্বিতীয় জাহাজটিতে শতাধিক নাবিক রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে এ জাহাজটিও সাবমেরিন হামলার শিকার হবে।
এদিকে, বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে মার্কিন সাবমেরিন হামলায় ইরানের একটি মাঝারি আকারের রণতরী ডুবে যায়। হামলায় অন্তত ৮৭ জন নাবিক প্রাণ হারান।
মূলত, এ ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধ বাইরের এলাকাতেও ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে শ্রীলঙ্কা নিরপেক্ষ অবস্থানে রয়েছে। দ্বীপরাষ্ট্রটির পক্ষ থেকে চলমান সংকট সমাধানে সংলাপের আহ্বানও জানানো হয়েছে।
