ডিএনসিসির তহবিলে ১ হাজার ২৬০ কোটি টাকা জমা রেখে এসেছি: মোহাম্মদ এজাজ
সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোষাগার খালি হওয়ার খবর নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন সংস্থাটির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ।
তার দাবি— দায়িত্ব হস্তান্তরের সময় তিনি সিটি করপোরেশনের তহবিলে এক হাজার ২৬০ কোটি টাকারও বেশি জমা রেখে এসেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
ফেসবুক পোস্টে মোহাম্মদ এজাজ উল্লেখ করেন, বিদায়বেলায় তিনি আর্থিকভাবে সমৃদ্ধ ঢাকা উত্তর সিটি করপোরেশন রেখে এসেছেন।
তিনি লেখেন, 'আমি সিটিকরপোরেশনের প্রশাসক হিসেবে এক বছর মেয়াদের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। আমার এক বছরের মেয়াদের শেষ দিনে (১০ ফেব্রুয়ারি, ২০২৬) দায়িত্ব বুঝিয়ে দেই। সেদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬টি অ্যাকাউন্টে মোট ১,২৬০ কোটি ১৫ লক্ষ ৫১ হাজার তিনশত ১১ টাকা ৬০ পয়সা তহবিলে জমা রেখে একটি সমৃদ্ধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রেখে এসেছিলাম।'
পোস্টের শেষে তিনি সিটি করপোরেশনের বর্তমান দায়িত্বে থাকা ব্যক্তিদের শুভকামনা জানান। লেখেন, 'আশাকরি সুন্দর ঢাকা গড়তে বর্তমান টিম আরও ভালো করবে।'
