দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি
ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
বুধবার হাইকমিশনের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, আহত পাঁচ বাংলাদেশির মধ্যে তিনজন সাকেত এলাকার ম্যাক্স হাসপাতালে এবং দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মালব্য নগরের ভবনটিতে ‘লেমন গ্রিন’ নামের একটি রেস্তোরাঁ এবং ‘ফ্লোরিশ স্টে বি’ নামের একটি হোটেল ছিল। বুধবার সকাল ৮টা ৪৮ মিনিটের দিকে সেখানে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অনেক অতিথি ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
নিহতদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের কয়েকজন নাগরিকও রয়েছেন। দিল্লির উপপুলিশ কমিশনার অনন্ত মিত্তাল জানান, ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার সমন্বিত অভিযানে ভবনটি থেকে ৪০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ১৩ জন আহত ব্যক্তি এইমস ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের প্রত্যেক পরিবারের জন্য দুই লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
- বাংলাদেশ হাইকমিশন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উদ্ধারকর্মীদের সাহসী ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছে। একই সঙ্গে আহত বাংলাদেশিদের দ্রুত সুস্থতা কামনা করে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে।
