শার্শায় মাদক-চোরাচালান ও অবৈধ মাটি উত্তোলনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
যশোরের শার্শা উপজেলায় মাদক, চোরাচালান, নারী নির্যাতন, কিশোর অপরাধ ও অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। এসব অপরাধ দমনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত শার্শা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত ও মতামত উঠে আসে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওহিদ। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম।
এ ছাড়া সভায় অংশ নেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের নেতা আলহাজ নুরুজ্জামান লিটন, জামায়াতে ইসলামীর নেতা ফারুক হাসান, নায়েবে আমির তৈবুর রহমান জাহাঙ্গীর, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বেনাপোল ও শার্শা থানার পুলিশ প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি শাহীন হোসেন ও আলমগীর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় শার্শা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, নারী নির্যাতন ও ধর্ষণ, কিশোর অপরাধ এবং অবৈধভাবে মাটি উত্তোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ইউএনও ফজলে ওহিদ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তাঁরা বলেন, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
সভায় নারী নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অবৈধভাবে মাটি উত্তোলনের বিষয়েও কঠোর অবস্থান নেওয়া হয়। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে উপস্থিত সদস্যরা শার্শা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
