পরীক্ষার্থীরা কেবল সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ও কাঁটাযুক্ত সাধারণ হাতঘড়ি ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কারও মোবাইল ফোন ব্যবহারের সুযোগ নেই।
সিসিটিভি ও বডি ওর্ন ক্যামেরার নজিরবিহীন নিরাপত্তা
নকল ও অনিয়ম ঠেকাতে এবার নজিরবিহীন কড়াকড়ি আরোপ করা হয়েছে।প্রতিটি পরীক্ষা কক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষপরিদর্শক থাকবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে, যা মন্ত্রণালয়ের ‘সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল’ থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হবে। এছাড়া দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ থাকবে।
শিক্ষা প্রশাসন জানিয়েছে, নকল ধরা পড়লে পরীক্ষার্থীর পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নকল লুকাতে পারে এমন সন্দেহে কেন্দ্রের টয়লেটগুলোতে আকস্মিক তল্লাশি চালানো হবে।
আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। তবে কোথাও এমন ঘটনা ঘটলে তাৎক্ষণিক সারা দেশের পরীক্ষা স্থগিত করে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।
নিবন্ধন করেও পরীক্ষার বাইরে সাড়ে ৫ লাখ শিক্ষার্থী
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় একাদশ শ্রেণিতে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করেও প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী ফরম পূরণ করেনি, যা মোট নিবন্ধিত শিক্ষার্থীর প্রায় ৩৬.৪৬ শতাংশ।
তথ্য অনুযায়ী, মোট ১৪ লাখ ৯১ হাজার ৯৩২ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও চূড়ান্তভাবে ফরম পূরণ করেছে ৯ লাখ ৪৭ হাজার ৯৪৩ জন। ফলে ৫ লাখ ৪৩ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী পরীক্ষা শুরুর আগেই ঝরে গেছে।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়
সাধারণ শিক্ষা বোর্ড : ১১ লাখ ৮৬ হাজার ৪৬১ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৯১ হাজার ৯৮৪ জন (৩৩.০৪%) ফরম পূরণ করেনি।
মাদ্রাসা শিক্ষা বোর্ড : আলিম প্রথম বর্ষে ১ লাখ ৩৯ হাজার ৯২৯ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে ৬১ হাজার ৬৬০ জন (৪৪.০৭%) পরীক্ষার বাইরে রয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ড : ১ লাখ ৬৫ হাজার ৫৪২ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ৯০ হাজার ৩৪৫ জন (৫৪.৫৮%) শিক্ষার্থী ফরম পূরণ করেনি।
পরীক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়টি আমরা অ্যানালাইসিস করছি। আমরা শিক্ষা ব্যবস্থার অসমতা দূর করতে কাজ করছি, যেন ড্রপ আউট (ঝরে পড়া) না হয়।’
মন্ত্রী জানান, নকলের জন্য খ্যাত বা বিতর্কিত ভেন্যু কেন্দ্রগুলো এবার পুরোপুরি বাতিল করা হয়েছে। তবে হাওর, পার্বত্য অঞ্চল এবং দুর্গম চরাঞ্চলের পরীক্ষার্থীদের যাতায়াতের কথা বিবেচনা করে কিছু দূরবর্তী ভেন্যু কেন্দ্র বহাল রাখা হয়েছে। এছাড়া ‘সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট’ ধর্মীয় সম্প্রদায়ের পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় শনিবারের পরীক্ষাগুলো কেন্দ্রের ভেতরেই সূর্যাস্তের পর অনুষ্ঠিত হবে।
