তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশের, অতঃপর...
বগুড়ার ধুনটে অভিযোগ তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে মোস্তাফিজার রহমান নামে এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, বগুড়ার ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী গত ২১ জুন থানায় লিখিত অভিযোগ করেন। তার অভিযোগ ছিল, এক দালাল তার ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর পর চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা করেননি। থানার ওসি এ ব্যাপারে তদন্ত করতে এসআই মোস্তাফিজার রহমানকে দায়িত্ব দেন। পরে তদন্ত করতে বেশ কয়েকবার অভিযোগকারীর বাড়িতে যান মোস্তাফিজার। এ সময় প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে উঠে।
জানা গেছে, মোস্তাফিজার ওই নারীর সঙ্গে মোবাইল ফোনে বিভিন্ন অশালীন কথা বিনিময় করেন। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপার এ ব্যাপারে তদন্ত করতে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শুকুর আলীকে দায়িত্ব দেন।
এদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে এসআই মোস্তাফিজার ও প্রবাসীর স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের অডিও ক্লিপ পাওয়া যায়। তদন্ত শেষে গত ১০ জুলাই প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ সুপার গত ১২ জুলাই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেন।
এ প্রসঙ্গে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শুকুর আলী জানান, মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে এসআই মোস্তাফিজার রহমানকে সাময়িক বরখাস্ত করা হতে পারে।
