উত্তরবঙ্গের সেই বৃহত্তম রামমূর্তির নির্মাণ কাজ স্থগিত
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে বিশ্বের বৃহত্তম শ্রীরামের মূর্তি নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের উপদেষ্টা শ্রী শ্যামল কুমার মহন্ত মন্দির মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। শুধুমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থেই রাম মূর্তি নির্মাণের কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে বলেও জানান তিনি।
সম্প্রতি মন্দিরটির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরনী দাসের অতীত কর্মকাণ্ড ও অর্থের উৎস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। রামমূর্তি নির্মাণ বন্ধসহ এ প্রকল্পে বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের টাকা আছে কি-না তা তদন্তে আন্দোলনের ডাক দেয় ইমাম উলামা পরিষদ।
