টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে
আজ থেকে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনায় ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে বলে জানান তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এমনটা জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে, সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে।
দুঃখ প্রকাশ করে তিনি বলেন, দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।
ক্রিকেটারদের উদ্দেশে বলেন, প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপস নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।
বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে- গর্ব, শক্তি, সম্মান নিয়ে ফিরবে বলেও পোস্টে আসা প্রকাশ করেন তিনি।
