জুমার নামাজের সময় ইসলামাবাদে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩১
পাকিস্তানের ইসলামাবাদে জুমার নামাজ চলাকালে শিয়াদের এক ইমামবারায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ১৬৯ জন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
এই দিন তারলাই এলাকার ইমামবারা খাদিজাতুল কুবরায় হয় এ বিস্ফোরণ। ঘটনার পর ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো কম্পাউন্ড। চারদিকে ছড়িয়ে থাকতে দেখা যায় রক্তাক্ত দেহ ও ভাঙা কাচ। ছোটাছুটি করতে থাকেন আতঙ্কিত মুসল্লিরা।
মসজিদের বাইরে বাগানেও আহত অবস্থায় পড়ে ছিলেন অনেকে। তাদেরকে উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এখনও জানা যায়নি বিস্ফোরণের কারণ।
তবে ধারণা করা হচ্ছে, আত্মঘাতী হামলা ছিল এটি। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী তারিক ফজল চৌধুরী ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন। আর নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
