ঢাকা শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী


৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪

সংগৃহীত

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) বিএনপির সমর্থিত প্রার্থী আবদুল গফুর সরকারকে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এসএম মামুনুর রশীদ মামুন। তিনি এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে বিএনপি সমর্থিত প্রার্থীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এসময় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

 

এ বিষয়ে এসএম মামুনুর রশীদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। অনুধাবন করে দেখলাম, দলীয় স্বার্থে আমার এ ত্যাগ মেনে নেয়া উচিত। তবে কেউ হুমকি বা লোভ দেখিয়ে আমাকে সরে দাঁড়াতে বাধ্য করেনি।

 

বিএনপির প্রার্থী আবদুল গফুর সরকার বলেন, এ আসনের স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ মামুন বিএনপিকে ভালোবাসে। তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, তার মার্কা ছিল মোটরসাইকেল। পরে সে তার ভুল বুঝতে পেরে বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তিনি এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন।