ঢাকা শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি, এককভাবে জয়ের ব্যাপারে আশাবাদী


৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৫

সংগৃহীত

জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনে এককভাবেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসীও তিনি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান।

 

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী। দলটি একসময় নিষিদ্ধ থাকলেও এখন আবার শক্ত অবস্থানে ফিরেছে। এই দুই দল ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত একসঙ্গে দেশ শাসন করেছে। দেশকে স্থিতিশীল করতে ঐক্য সরকার গঠনের লক্ষ্যে সেই জোট পুনরুজ্জীবিত করার ব্যাপারে জামায়াত আগ্রহ প্রকাশ করেছে।

 

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে দীর্ঘদিনের মিত্র ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।

 

নিজ দলীয় কার্যালয়ে ঐক্য সরকারের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে কীভাবে সরকার গঠন করবো? তাহলে বিরোধী দলে থাকবে কে?

 

তিনি আরও বলেন, জানি না তারা কতটি আসন পাবে। তবে যদি তারা বিরোধী দলে থাকে, তাহলে আমি আশা করি তারা একটি ভালো বিরোধী দল হবে।