সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা প্রবাসীদের অরাজনৈতিক দাবি: হুমায়ুন কবির
বিএনপি ক্ষমতায় এলে সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট সব সময় চালু রাখার পাশাপাশি প্যাকেজের মাধ্যমে যাতে টিকেটের খরচ কমানো যায়, সে বিষয়ে উদ্যোগ নেয়া হবে— এমনটাই জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে, সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অন্তর্বর্তী সরকারকে কৃতজ্ঞতা জানায় যুক্তরাজ্য বিএনপি।
হুমায়ুন কবির বলেন, সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা কোনো রাজনৈতিক দলের নয়, এটি দেশের সব প্রবাসীর দাবি। সিলেট অঞ্চলের মানুষের জন্য এই রুটটি পারিবারিক যোগাযোগ, চিকিৎসা সেবা, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
এসময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রুপান্তরের দাবি জানান তিনি।
এর আগে, সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট রুটটি লাভজনক না হওয়ায় আগামী ১ মার্চ থেকে ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তীতে, বিমান বাংলাদেশের ডিরেক্টর খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় বসে যুক্তরাজ্য বিএনপি। পরবর্তীতে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসে সরকারি বিমান পরিষেবা সংস্থাটি।
