ঢাকা বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: ডা. তাহের


৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৭

সংগৃহীত

এবারের নির্বাচন একটি গুণগত পরিবর্তন নিয়ে আসবে, যা আগে ছিল না। বাংলাদেশ দুর্নীতিতে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। কোনো সরকারের সময়েই এটি কমেনি। বরং দুর্নীতির ব্যাপারে সবার ঐক্য ছিল— এমন মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

 

ডা. তাহের বলেন, এখন আমরা যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি; তারা যখন ক্ষমতায় ছিল, তখন দুর্নীতিতে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।সুতরাং আমরা যদি আবারও দুর্নীতি চাই, তাহলে সেখানে ভোট দিতে হবে। আর যদি একটি নিরাপদ উন্নত বাংলাদেশ চাই, তাহলে ১১ দলীয় জোটে ভোট দিতে হবে।

 

তিনি আরও বলেন, জামায়াত দুর্নীতি, হত্যা, নৈরাজ্যের রাজনীতি করে না। আমরা নৈরাজ্যের রাজনীতি চাই না।

 

এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান ও ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ অন্যান্যরা।