মাটি কাটতে গিয়ে বিস্ফোরণ: শার্শায় পরিত্যক্ত বোমায় দুই শ্রমিক গুরুতর আহত
যশোরের শার্শা উপজেলায় মাটি কাটার সময় মাটির নিচে পুঁতে রাখা একটি পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বালুন্ডা গ্রামের দক্ষিণ পাড়ায় ‘গনি ঢালির ভিটে’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজন হলেন বালুন্ডা গ্রামের আব্দুল বারীকের ছেলে জাকির হোসেন (৬৫) এবং একই গ্রামের মৃত নুজ্জাকের ছেলে আব্দুল কাদের (৬০)। তাঁরা দুজনই পেশায় মাটি কাটা শ্রমিক।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ভিটার মাটি কাটার কাজ করছিলেন জাকির হোসেন ও আব্দুল কাদের। একপর্যায়ে কোদাল দিয়ে মাটির আনুমানিক দেড় হাত গভীরে আঘাত করলে হঠাৎ বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে দুজনই গুরুতর আহত হন। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
পরে আহতদের দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। দুজনকেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
খবর পেয়ে শার্শা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, বোমাটি অনেক আগে থেকেই মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে এটি পরিকল্পিত কোনো নাশকতার অংশ কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
